একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি প্রথমে এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একুশের কর্মসূচির সূচনা করেন।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সরাসরি উপস্থিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনৈতিক ও বিদেশী মিশনের প্রধানগণ, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার এবং অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের সময় মাইকে বাজানো হয় কবি আল মাহমুদের কবিতা ‘ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত…’।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রসংগঠন একে একে জাতির মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।