বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন, দেশে উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ নির্বাচিত জনপ্রতিনিধির অভাব দেখা দিয়েছে। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করা উচিত, এরপর আংশিক সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে।
শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য। সংসদ সদস্যদের এ দায়িত্ব নয়; তাদের কাজ হলো আইন প্রণয়ন ও দেশ পরিচালনা। তিনি যোগ করেন, “যারা আইন বোঝেন, তাদের দিয়েই স্থানীয় নির্বাচন পরিচালনা করা উচিত।”
তিনি অভিযোগ করেন, অতীতে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, যারা জনগণের অধিকার হরণ করেছে এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। “তারা ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে, কিন্তু আল্লাহ তা হতে দেননি,” বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিচার বিভাগ প্রভাবিত হয়েছে এবং সাবেক এক বিচারপতিকে পালিয়ে যেতে হয়েছে। “সব গুম ও খুনের বিচার চাই,” বলে তিনি তার বক্তব্যে দাবি জানান।
শফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী সরকার বিদায় নিলেও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। “আমরা চাই, এমন কোনো কাজ করা হবে না, যা শহীদদের স্মরণে আঘাত হানে। চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করুন,” বলেন তিনি।
তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ ইসলামী আদর্শে পরিচালিত হবে। “কোরানের বিধান মেনে জামায়াত পরিচালিত হবে, যারা এটা মানতে চান না, তারা দূরে থাকুন,” বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, এখনো জামায়াত নেতাদের কারাবন্দি রাখা হয়েছে। “আমাদের নেতা আজহারুল ইসলামকে মুক্তি দিন, নইলে আমিসহ তিন কোটি মানুষকে জেলে নিন,” বলেন তিনি।
জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।