মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম অভিযোগ করেছেন, গত ১৫ বছরে দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে কখনো কখনো মুক্তিযোদ্ধা কমান্ডাররাও জড়িত ছিলেন।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফারুক-ই-আজম বলেন, “প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা পুনঃনিরীক্ষার উদ্যোগ নিয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখা হবে।”
আলোচনা সভায় বক্তারা জেনারেল ওসমানীর অসামান্য অবদান পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এ সময় ওসমানী স্মৃতি পরিষদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি তার স্মৃতি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি তোলে।