নড়াইলের কালিয়া উপজেলায় ডাকাতির সময় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর এক সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার খড়রিয়া গ্রামে সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম।
আটককৃতরা হলেন—
🔹 মো. ইয়াছিন হোসেন (২৭): নড়াইলে মাঠ পর্যায়ে কর্মরত এনএসআই সদস্য, ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়ার বাসিন্দা।
🔹 আরিফুজ্জামান (২২): নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের বাসিন্দা।
🔹 সোহাগ মোল্লা (৩৬): সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।
🔹 শাহরিয়ার জামান শশী (৩৫): মৃত মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, ডিবি পুলিশের পরিচয়ে এনএসআই সদস্য ইয়াছিন হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তল্লাশির নামে ঢোকে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে।
পুলিশ জানায়, আটক ডাকাতদের কাছ থেকে—
✅ দুটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল (মূল্য আনুমানিক ৩ লাখ টাকা)
✅ নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।