দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি স্বাধীন ও কার্যকর স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন ৮৪ শতাংশ নাগরিক। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার সমর্থন করেন না ৭১ শতাংশ মানুষ, তবে ২৪ শতাংশ এ ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে এ জরিপ পরিচালনা করে। এতে দেশের ৬৪ জেলার শহর ও গ্রামাঞ্চলের ৪৬ হাজার ৮০টি পরিবার অংশ নেয়।
জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়, যা বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত বলে মত দিয়েছেন ৯৭ শতাংশ উত্তরদাতা। তাদের মধ্যে ৩৮ শতাংশ এসএসসি, ৩০ শতাংশ এইচএসসি এবং ২৫ শতাংশ স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার পক্ষে।
বর্তমানে স্থানীয় সরকার পরিচালনায় পাঁচটি আইন ও ১০০-এর বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ কার্যকর রয়েছে। এ পরিস্থিতিতে ৭৭ শতাংশ নাগরিক একটি একক ও সমন্বিত আইনের প্রয়োজনীয়তা অনুভব করেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসনে সমন্বিত সেবা কাঠামোর প্রয়োজন বলে মত দিয়েছেন ৭৫ শতাংশ মানুষ।
এ ছাড়া, ক্রমবর্ধমান নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৮৫ শতাংশ উত্তরদাতা উপজেলা পর্যায়ে নগর পরিকল্পনাবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি ৮০ শতাংশ উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছেন।
সূত্র: বাসস