ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 ‘শেখ হাসিনার শাসন অত্যাচার ও দুর্নীতিতে ভেঙে পড়েছে’

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দীর্ঘদিনের অপশাসন, অবিচার, নিপীড়ন ও দুর্নীতির কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার সক্ষমতা হারিয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা’ শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ফজলুল হক বলেন, একুশের চেতনা থেকে উৎসারিত হয়ে ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা নিজেকে একক ক্ষমতার প্রতীক মনে করে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে নিজের নির্দেশে পরিচালিত করতেন। এতে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট তার মর্যাদা হারিয়েছে। তিনি আরও বলেন, নির্যাতন কক্ষে মানুষকে বন্দি করে নিষ্ঠুর আচরণ ছিল আওয়ামী শাসনের অন্যতম অপরাধ। এসব অপরাধের বিচারে ফাঁসির শাস্তিও হতে পারে। তিনি প্রস্তাব করেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত।

সভাপতির বক্তৃতায় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভাষা আন্দোলনে যত শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি মানুষ জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পুলিশ ও সমর্থকদের হাতে প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নির্মম হত্যাকাণ্ড বিরল। তিনি জোর দিয়ে বলেন, গত ১৫ বছরে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের দ্রুত বিচার না হলে জনগণের আইনের প্রতি ভরসা কমবে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পলায়নের পর দেশ গণতন্ত্রের সন্ধিক্ষণে রয়েছে। এ সময়ে রাজনৈতিক দলগুলোকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে দেশি-বিদেশি শক্তি এই অর্জন ব্যর্থ করার চেষ্টা করতে পারে।

কিরণ আরও বলেন, শেখ হাসিনা নিজেকে রাষ্ট্রের সমার্থক মনে করতেন। ক্ষমতা ধরে রাখতে তিনি জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। পলায়নের পরও আওয়ামী লীগের কিছু নেতা বিদেশ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন, যা মোকাবিলা করা না গেলে জুলাই বিপ্লবের চেতনা ক্ষুণ্ন হবে। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক মতভেদ গণতন্ত্রের অংশ হলেও তা সংঘাতে রূপ নিলে পরাজিত গোষ্ঠী সুযোগ নিতে পারে।

অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে একুশের চেতনা বৃথা যায়নি’ শীর্ষক বিতর্কে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম ও মাঈনুল আলম। বিজয়ীদের ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।