ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশনা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় আহতদের চিকিৎসার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন—আহতদের চিকিৎসা দেওয়া যাবে না এবং কাউকে ছাড়া হবে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে এক শুনানি শেষে প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, “আমরা যখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে যাই, তখন সেখানকার আহত রোগী ও তাদের স্বজনরা জানান, শেখ হাসিনা একবার সেখানে এসেছিলেন এবং ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন। চিকিৎসক ও হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিরাও এ তথ্য আমাদের জানিয়েছেন। আমাদের কাছে এ সংক্রান্ত প্রমাণও রয়েছে, যা আদালতে উপস্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছেন, তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করা হয়নি, ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। হাসপাতালে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তাদের মৃত্যুর কারণ হিসেবে ‘শ্বাসকষ্ট’ বা ‘জ্বর’ লেখা হয়েছে। এমনকি শহীদদের লাশ দাফন করতে গেলেও পুলিশ হামলা চালিয়েছে।”

আদালত শহীদদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত রিপোর্ট না থাকার বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশন পক্ষ ব্যাখ্যা দেয় যে, মানবতাবিরোধী অপরাধের ভয়াবহতার কারণে দ্রুত লাশ দাফন করতে বাধ্য করা হয়েছিল, ফলে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, “এটি নিছক কোনো ঘটনা নয়, বরং এটি মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট প্রমাণ। বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই ও ফরেনসিক বিশ্লেষণের পর আদালতে উপস্থাপন করা হবে।”