স্পেসএক্সের প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন যে, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি এখানকার উদ্যমী তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন, যারা স্টারলিংকের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে। চিঠিতে আরও বলা হয়, “একসঙ্গে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।”
বাংলাদেশে স্টারলিংকের সংযোগ যুক্ত হলে তা উদ্যোক্তা যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
দেশে দ্রুত সেবা চালুর লক্ষ্যে প্রধান উপদেষ্টা তার বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন সম্ভব হয়।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলোচনা হয়, যেখানে স্টারলিংক সেবা চালুর অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিসেবা, যা লো-আর্থ অরবিটে (LEO) ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। বিশেষ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সুবিধা সীমিত বা অনুপস্থিত, সেখানে এটি দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে সক্ষম।