নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের জন্য আগামী জুলাই-আগস্ট থেকে কমিশন পূর্ণ প্রস্তুতি নেবে। “সাধারণত ৪৫ থেকে ৫৫ দিন হাতে রেখে তপশিল ঘোষণা করা হয়। আমরা ডিসেম্বরকে সামনে রেখে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি,” বলেন তিনি।
ইসি আনোয়ারুল আরও বলেন, “রাজনৈতিক দলগুলো তাদের মত প্রকাশ করছে, তবে আমরা বাস্তবতার নিরিখে কাজ করছি। ডিসেম্বরে ভোট করতে যৌক্তিক সময়ের মধ্যে তপশিল ঘোষণা করব। কমিশন কারও সুবিধা-অসুবিধা বিবেচনা না করে স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। কোনো চাপে নতি স্বীকার করব না। সময়ই নির্ধারণ করবে আমাদের পদক্ষেপ। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যাব।”
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয় রয়েছে। অনেকে জানতে চান, এগুলো একসঙ্গে করা সম্ভব কি না। তবে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনো কমিশনের বিবেচনায় আসেনি। আমরা ডিসেম্বরকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এগোচ্ছি।”