ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন যে, ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে ছাত্রদল তাদের পথ অনুসরণ করছে।
জাহিদুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতিতে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, তা কিছু ছাত্রসংগঠনের আধিপত্যবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপানোর সংস্কৃতির কারণে ধ্বংস হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি হচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে অন্যায়ভাবে দমন করার চেষ্টা করছে। শুধু তাই নয়, ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপাচ্ছে, যা নিষিদ্ধ ছাত্রলীগের পদ্ধতি বলে তিনি উল্লেখ করেন।
জাহিদুল ইসলাম বলেন, কুয়েট, এমসি কলেজ ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সংঘটিত হামলাগুলো একটি ছাত্রসংগঠনের নব্যফ্যাসিবাদী হয়ে ওঠার ধারাবাহিকতা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালায়, যেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। কিন্তু ছাত্রদল উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রশিবিরের ওপর দায় চাপাচ্ছে।
তিনি আরও বলেন, গত ২০ ফেব্রুয়ারি টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে মব তৈরি করার চেষ্টা করে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জাহিদুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস পার হলেও এখনও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। তিনি গণমাধ্যমের রিপোর্ট উল্লেখ করে বলেন, দেশে ২৭৩টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি আরও বলেন, মুক্ত চিন্তার নামে ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য রাখাল রাহার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনকে বিভাজন সৃষ্টিকারী, দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন।