জাতীয়তাবাদী যুবদল সংগঠনের নাম ব্যবহার করে সন্ত্রাস বা বেআইনি কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছে। আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “যুবদল কোনো ধরনের সন্ত্রাসী বা বেআইনি কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। যদি কোনো নেতাকর্মী এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের সুনাম রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমানও এই নীতির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছেন। সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বার্তা দেন যে, যুবদলের নাম ব্যবহার করে কেউ যদি জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
যুবদলের সাধারণ সম্পাদক জানান, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৬০ জন নেতাকে শোকজ এবং ১৪০ জনের বেশি নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, কয়েকটি ঘটনায় সংগঠনের পক্ষ থেকে মামলা দায়েরও করা হয়েছে।
নুরুল ইসলাম নয়ন উদাহরণ হিসেবে উল্লেখ করেন, গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, “আমরা অতীতে দেখেছি, অনেক দল সন্ত্রাসীদের আড়াল করার সংস্কৃতি চালু রেখেছিল। কিন্তু যুবদল সে পথে হাঁটবে না। আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, শাস্তি দিচ্ছি এবং কোথাও ছাড় দিচ্ছি না।”
সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।