ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: রিসোর্ট পুড়ে ছাই, নিয়ন্ত্রণে স্থানীয়দের প্রচেষ্টা

রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকটি কটেজ ও রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে তৎপর হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার দুপুর পৌনে ১টার দিকে সাজেক ইউনিয়নের ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সাজেক অবকাশ রিসোর্টসহ আশপাশের অন্যান্য স্থাপনায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এখন পর্যন্ত ১৫ থেকে ১৬টি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে আগুনের উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন জানান, “আগুন অবকাশ রিসোর্টের পাশ থেকে শুরু হয়েছে। এর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। প্রায় ৩০টি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার ধারণা।”

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, “আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।” এদিকে, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন জানান, “জেলা প্রশাসক ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়দের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।”