ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে স্থানীয় নির্বাচন অসম্ভব, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্য: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন, এবং সেই দিকে তারা অগ্রসর হচ্ছেন। ভোটার তালিকা হালনাগাদের কাজও জুন পর্যন্ত শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের জুনে নির্বাচনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, “এটি সম্ভব হবে শুধু যদি ১৬ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ না দিয়ে এবং ৩৫ লাখ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত না করে নির্বাচন করা হয়। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া আমরা প্রস্তুত হতে পারছি না। আমাদের মূল লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন, যার জন্য অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।”

সিইসি মনে করেন, স্থানীয় সরকার কমিশনের সুপারিশ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, “তারা বিজ্ঞ মানুষ, তবে এ বিষয়ে রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না। ভোটার তালিকা প্রস্তুত না হওয়া পর্যন্ত আমরা এগোতে পারছি না।” তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে এবং আইনি জটিলতা দূর করতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সম্ভব কিনা, এমন প্রশ্নে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতায় এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে ভোট ছাড়া অন্য কিছু নিয়ে মানুষকে ভাবতে হবে না।”