অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর রাজপথে থাকা বেশি জরুরি। ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন একটি দল গঠনের পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবর্তনের স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়ন ও ছাত্র-জনতার শক্তিকে সংগঠিত করতে রাজপথে আমার ভূমিকা বেশি কার্যকর হবে। সরকারের বাইরে থেকে সহযোদ্ধাদের সঙ্গে একযোগে কাজ করার এই আকাঙ্ক্ষাই আমাকে পদত্যাগের সিদ্ধান্তে উৎসাহিত করেছে।”
নাহিদ আরও জানান, গত ৮ আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তখন জাতীয় নিরাপত্তা ও গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই দায়িত্ব যৌক্তিক মনে হয়েছিল। তিনি বলেন, “গত সাড়ে ছয় মাসে সরকার কাজ করেছে, স্থিতিশীলতাও এসেছে। তবে আশানুরূপ ফলাফল এখনো পাওয়া যায়নি। এখন আমার কাছে মনে হয়েছে, রাজপথে ফিরে ছাত্র-জনতার পাশে থাকাই আমার প্রধান কর্তব্য।”
এর আগে, মঙ্গলবার দুপুর ২টা ১২ মিনিটে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তাঁর এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।