ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহ শহর ও ঢাকার গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম রাজ (৩৬)। মেজর নাইম জানান, আবু সাইদকে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে এবং আনারুলকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ পাবে বলে তিনি আশাবাদী।
এদিকে, গত শুক্রবার রাতে শৈলকূপা উপজেলার রামনগর শ্মশানঘাটে সংঘটিত এই তিনজনের হত্যাকাণ্ডের ঘটনায় শৈলকূপা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন নিহত হানিফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা, যিনি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। মামলায় কোনও আসামির নাম উল্লেখ করা হয়নি, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এটি দায়ের করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “এই হত্যাকাণ্ডের পর মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।” এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।