পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ব্যাপক অভিযান শুরু করতে যাচ্ছে। প্রথম রোজা থেকে ঢাকাসহ সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হবে। ইফতারি পণ্য ছাড়াও শিশুখাদ্য, ফলমূল এবং প্রসাধনী সামগ্রীর মান যাচাইয়ে বিশেষ নজর দেওয়া হবে। বুধবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিল্প উপদেষ্টা জানান, “আগামী ১ বা ২ মার্চ থেকে রমজান শুরু হতে পারে। এর আগে থেকেই বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং ওজনে কারচুপি ঠেকাতে নজরদারি জোরদার করেছে। রমজানে ঢাকায় প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে, যেখানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এপিবিএন সহায়তা করবে।” এছাড়া, র্যাব ও ডিএমপির সহযোগিতায় যৌথ অভিযান চলবে। সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিএসটিআইয়ের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকেও প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করবে।
রমজানে রোজাদারদের জন্য জনপ্রিয় খাদ্য ও পানীয় যেমন ফ্রুট ড্রিংকস, সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, লাচ্ছা সেমাই এবং পানির গুণগত মানের ওপর বিশেষ নজর রাখা হবে। বিএসটিআইয়ের পাশাপাশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এই অভিযানে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪২৮টি মামলায় ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২৩টি কারখানা সিলগালা করা হয়েছে। ওজনে কারচুপির অভিযোগে ৩৮২টি কোর্টে ৬১৫টি মামলায় ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩৯২টি পেট্রোল পাম্পের ইউনিট বন্ধ করা হয়েছে।
অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রি বন্ধে বিএসটিআই ইতোমধ্যে বিটিআরসিকে চিঠি দিয়েছে এবং ১৫টি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়ে বিএসটিআই বলছে, অনলাইনে কেনাকাটার আগে পণ্যের বিএসটিআই অনুমোদন আছে কি না, তা যাচাই করুন। প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১১৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।