ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার শেষ ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরুর সম্ভাবনা থাকলেও, দুই দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে দুই দলের জন্য এটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৬৭ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিকেলে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৮ শতাংশের বেশি, যার পরিমাণ হতে পারে ০.৩৯ ইঞ্চি। এছাড়া, পূর্ব দিক থেকে ঘণ্টায় ৯ মাইল বেগে বাতাস বইবে, যার মধ্যে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ২৭ মাইল পর্যন্ত উঠতে পারে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই শুরু থেকেই হোঁচট খেয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে এবং পরে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অন্যদিকে, বাংলাদেশও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মুখ দেখে আশা হারায়। ফলে এই ম্যাচটি দুই দলের জন্যই প্রতিপত্তি রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

আবহাওয়ার এই অনিশ্চয়তা ম্যাচের উত্তেজনা কিছুটা ম্লান করলেও, সমর্থকরা এখনো আশায় রয়েছেন যে খেলা মাঠে গড়াবে।