লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কামরুল হাসানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ-২ ও ধানমন্ডির সোবাহানবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপরদিকে, কামরুল হাসান (৩২) পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সক্রিয় সদস্য। উভয়েই ‘জয়বাংলা বিগ্রেড’ নামে পরিচিত একটি গ্রুপের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামলের বিরুদ্ধে রংপুরে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ও তার সহযোগী কামরুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। তাদের লক্ষ্য ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করা এবং তাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়ন। এজন্য তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব ও জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। এসব কার্যক্রমের মাধ্যমে তারা জনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল বলে অভিযোগ।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, “ঢাকা থেকে গ্রেফতারের পর তাদের লালমনিরহাটে আনা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেও পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।