ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শালতা নদীর খাল উন্মুক্ত রাখার দাবিতে তালায় জেলেদের মানববন্ধন

সাতক্ষীরার তালায় শালতা নদীর চারিভাঙ্গা ও কোলাসবিল সংলগ্ন সরকারি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জেলে সম্প্রদায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেয়ালানলতা নিকারীপাড়ার কয়েকশ জেলে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আবু হায়াত নিকারী, তানসেল নিকারী, আব্দুল হাই নিকারী, মুন্না নিকারীসহ আরও অনেকে।

জেলেরা জানান, নিকারীপাড়ায় প্রায় তিন হাজার জেলে পরিবার বসবাস করে। একসময় সরকারি খালটি উন্মুক্ত থাকায় সবাই সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারত। কিন্তু পরবর্তীতে একটি প্রভাবশালী চক্র খালটি ইজারা নিয়ে ব্যক্তিগতভাবে মাছ চাষ শুরু করে, যা স্থানীয়দের জীবিকার পথ সংকুচিত করেছে। অভিযোগ রয়েছে, ঘের মালিক সৈয়দ সোহেল রানা নেট-পাটা বাঁধ দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করায় এলাকাবাসী প্রায় ছয় মাস জলাবদ্ধ অবস্থায় দুর্ভোগে পড়ে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, প্রভাবশালী মহলটি নতুন করে খালটি ইজারা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা সরকারি খালটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বলেন, এতে জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং জেলে সম্প্রদায়ের মানুষরা পুনরায় তাদের জীবিকা নির্বাহের সুযোগ পাবে।

মানববন্ধন শেষে জেলেরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।