ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 ৫০ লাখ পরিবার পাবে ১৫ টাকায় চাল, ঈদে বিনামূল্যে ১০ কেজি : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আগামী মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে। এছাড়া, ঈদ উৎসবকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে এক কোটি নিম্নআয়ের পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় উপদেষ্টা রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের কঠোরভাবে তদারকির নির্দেশ দেন।

জেলা প্রশাসকরা স্থানীয় পর্যায়ে চাল বিতরণে বিদ্যমান কিছু সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। তিনি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকিগুলো দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দেশে খাদ্য মজুত পর্যাপ্ত রয়েছে, ঘাটতির কোনো আশঙ্কা নেই। তবে বিতরণ প্রক্রিয়ায় শৃঙ্খলা আনতে হবে।” এ লক্ষ্যে তিনি জেলা প্রশাসকদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দেন, যাতে সরকারি সহায়তা সঠিক উপকারভোগীদের কাছে পৌঁছায়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এতে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য সচিব বলেন, “সঠিক সময়ে, সঠিক ব্যক্তির কাছে, সঠিক মূল্যে ও পরিমাণে চাল পৌঁছানোর ক্ষেত্রে কোনো ত্রুটি সহ্য করা হবে না।” তিনি এ ব্যাপারে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন।

এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।