ইলিশের উৎপাদন বাড়াতে শরীয়তপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়ে জাটকাসহ সব প্রজাতির মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার চন্ডিপুর থেকে ভেদরগঞ্জের কাচিকাটা পর্যন্ত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই অঞ্চলে সরকারিভাবে নিবন্ধিত প্রায় ২৫ হাজার ৮২৬ জন জেলে মাছ ধরা থেকে বিরত থাকবেন। জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার ৪৬৫ জন কার্ডধারী জেলেকে প্রত্যেককে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীর তীরবর্তী এলাকা ও হাট-বাজারে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসান জানান, “এই ২০ কিলোমিটার এলাকা ইলিশের পঞ্চম অভয়াশ্রম হিসেবে চিহ্নিত। মার্চ ও এপ্রিল মাসে মাছ ধরা বন্ধ থাকায় জাটকা বড় হওয়ার সুযোগ পাবে, যা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আইন কার্যকর করতে আমরা সচেতনতামূলক সভা ও প্রচারণা অব্যাহত রেখেছি। জেলেদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।” এই উদ্যোগ ইলিশ সম্পদ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।