ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরপথে ইয়াবা পাচারের বড় চালান জব্দ, ১৬ জন গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় ইয়াবার বিশাল এক চালানসহ ১৬ পাচারকারীকে আটক করেছে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ দল। অভিযানে ৪ লাখ পিস ইয়াবা এবং পাচারে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে কুয়াকাটার সূর্যাস্ত পয়েন্টের কাছে লেম্বুর বন এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া সমুদ্রের মোহনায় পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতরা হলেন—নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সৈয়দ আলম (৩৭), মোফাজ্জল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহমেদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহমেদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) এবং খলিল আহমেদ (৩৯)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। কুয়াকাটার সমুদ্র মোহনা ও লেম্বুর বন এলাকায় ট্রলারসহ মাদক পাচারকারীদের ধরা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং আটক ব্যক্তিদের আইনি ব্যবস্থার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনা মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।