বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রয়াত মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম (আরমান) বলেছেন, “আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তার বাবার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরমান। তিনি জানান, তার বাবার বিরুদ্ধে মামলা দায়েরের সময় তিনি বিদেশে ছিলেন। “প্রকৃত অপরাধী হলে তিনি হয়তো দেশে ফিরতেন না বা কোনো ইসলামি দেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন। কিন্তু আমার বাবার সততা ও সাহস ছিল। তিনি দেশে ফিরে এসেছিলেন, আর ফিরেই তাকে গ্রেপ্তার করা হয়।”
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট বছর আয়নাঘরে বন্দি থাকার পর মুক্তি পেয়ে প্রথমবার বাবার কবর জিয়ারতে আসেন তিনি। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাকে একনজর দেখতে ভিড় জমান।
জুমার নামাজের পর আয়নাঘরের অভিজ্ঞতা তুলে ধরে আরমান বলেন, “বাবার মামলায় আমি আইনজীবী হিসেবে কাজ করছিলাম। শুনানির শেষ দিকে, ফাঁসি কার্যকরের ২৩ দিন আগে আমাকে অপহরণ করা হয়। আট বছর চোখ বাঁধা, হাতকড়া পরা অবস্থায় একটি অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয়। আমি জানতাম না বাবার কী হয়েছে, আমার পরিবার জানত না আমি বেঁচে আছি কি না। ছাত্র আন্দোলনের পর আমি মুক্তি পাই।”
মুক্তির পর তিনি জানতে পারেন, তার বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। “মুক্তির পর আমি অসুস্থ হয়ে পড়ি। চোখে ছানি পড়ে যায়। চিকিৎসার জন্য বিদেশে যাই। ফিরে এসে প্রথমবার বাবার কবরে আসলাম।”
মীর কাসেম আলীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, “মানিকগঞ্জ ছিল আমার বাবার পৈতৃক ভিটা, তার হৃদয়ের জায়গা। তিনি এ জেলাকে আধুনিক নগরী ও স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। এখান থেকে রাজধানীতে অফিস করার স্বপ্ন দেখতেন তিনি।”
আরমান আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা রাজনৈতিক প্রতিহিসারে আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। কিন্তু যারা ন্যায় ও ইসলামে বিশ্বাসী, তারা কখনো মাথা নত করে না। আমার বাবাও করেননি। আপনারা তার জন্য দোয়া করবেন।”
এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলোয়ার হুসাইন, জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।