বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাবন্দি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ফিলিস্তিনি নেতা নায়েল বারঘুতি ৪৫ বছর ইসরায়েলি কারাগারে কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ৬৭ বছর বয়সী এই নেতা কারামুক্ত হন।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, বারঘুতি ফিলিস্তিনি বন্দিদের মধ্যে একজন প্রতীকী ব্যক্তিত্ব। জীবনের প্রায় দুই-তৃতীয়াংশ সময় তিনি কারাগারে কাটিয়েছেন। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে দীর্ঘ সময় কারাবন্দি রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃতি দেয়। তিনি টানা ৩৪ বছরসহ মোট ৪৫ বছর ইসরায়েলের হেফাজতে ছিলেন। ফিলিস্তিনিদের কাছে তিনি ‘আবু আল-নূর’ নামে সম্মানিত।
২০১১ সালে গিলাড শালিট বিনিময় চুক্তির মাধ্যমে একবার মুক্তি পেয়ে তিনি পশ্চিম তীরের কোবার শহরে ফিরেছিলেন। কিন্তু ২০১৪ সালে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে তাকে আবার গ্রেপ্তার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল করে।
মুক্তির পর বারঘুতির পরিবার জানিয়েছে, তিনি ফিলিস্তিনের বাইরে নির্বাসনে থাকতে সম্মত হয়েছেন। এ শর্ত তাকে ইসরায়েলের হাতে পুনরায় গ্রেপ্তারের ঝুঁকি থেকে কিছুটা রক্ষা করবে। ফিলিস্তিনি বন্দিদের ‘ডিন’ হিসেবে পরিচিত এই নেতার মুক্তি তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে।