বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেছেন, গণভবনে কে প্রবেশ করবে বা সংসদে কারা বসবে, তা নির্ধারণের ক্ষমতা শুধু বাংলাদেশের খেটে খাওয়া মানুষের হাতে থাকবে, কোনো বিদেশি শক্তির নয়। “এই ভূখণ্ডের মানুষই ঠিক করবে কে মসনদে বসবে,” বলেন তিনি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নতুন এই দলের যাত্রা শুরু হয়।
হাসনাত বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভাজনের রাজনীতি চলেছে। আমরা এর ঊর্ধ্বে উঠে ঐক্যের রাজনীতি গড়ব এবং একটি সুগঠিত রাষ্ট্র প্রতিষ্ঠা করব। গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। স্বাধীন পুলিশ, বিচার বিভাগ বা কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। তরুণ প্রজন্ম হিসেবে আমরা এসবকে কার্যকর করে তুলব।”
তিনি আরও জানান, “বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, তবে কোনো বিদেশি নির্দেশ মানব না। যে তরুণরা রক্ত দিয়ে সংগ্রাম করতে শিখেছে, তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।” তিনি প্রতিশ্রুতি দেন, প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্দীপনা মিলিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। “এখানে পরিবারতন্ত্রের অবসান হয়েছে। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। আমরা এমন একটি দেশ চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।”
সমাবেশে হাসনাতের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়।