ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ১,৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই গেজেট জারি করে। তালিকায় আহতদের নাম, মেডিকেল কেস আইডি, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ‘এ’ শ্রেণিতে (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন এবং ‘বি’ শ্রেণিতে (গুরুতর আহত) ৯০৮ জনের তালিকা প্রকাশিত হয়েছে। তবে ‘সি’ শ্রেণির (সামান্য আহত) ১০,৬৪৮ জনের তালিকা এখনও প্রকাশিত হয়নি।
‘এ’ শ্রেণির ৪৯৩ জন এমন ব্যক্তি, যারা চিকিৎসার পরও অন্যের সাহায্য ছাড়া জীবনযাপনে অক্ষম। তাদের প্রত্যেককে এককালীন ৫ লাখ টাকা (২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ), মাসিক ২০ হাজার টাকা ভাতা, আজীবন বিনামূল্যে চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা দেওয়া হবে। এছাড়া, পরিচয়পত্রের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।
‘বি’ শ্রেণির ৯০৮ জন চিকিৎসার পরও আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম। তাদের এককালীন ৩ লাখ টাকা (২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ), মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মসংস্থানে অগ্রাধিকারসহ পরিচয়পত্রভিত্তিক সুবিধা প্রদান করা হবে।
‘সি’ শ্রেণির ১০,৬৪৮ জন বর্তমানে সুস্থ, তবে তাদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তাদের জন্য এককালীন ১ লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের গেজেট প্রকাশিত হয়। তাদের পরিবার পাবে এককালীন ৩০ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার। আগামী মার্চ থেকে এই সহায়তা কার্যকর হবে।