বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির নাম ঘোষণা করা হয়। নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
দলের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। এরপর আখতার হোসেন দলের আংশিক কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন। এতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়ক হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে সারজিস আলমের নাম ঘোষিত হয়।
এর আগে বিকেল সোয়া চারটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের এই রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে নতুন দলের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক দর্শন ও লক্ষ্য তুলে ধরেন।