ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ৩০ হাজার মুসল্লির রোজা শুরু

শরীয়তপুরের ছয় উপজেলার প্রায় ৩০টি গ্রামের ৩০ হাজার মুসল্লি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে পবিত্র রমজানের রোজা শুরু করেছেন। প্রায় এক শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্যে তারা বাংলাদেশের বাকি অংশের এক দিন আগে তারাবির নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

শনিবার (১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আলী মৃধা। জানা গেছে, ১৯২৮ সাল থেকে সুরেশ্বর পাক দরবার শরীফের লাখো ভক্ত মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে রোজা ও ঈদ উদযাপন করেন। এর মধ্যে শরীয়তপুরের সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুরসহ ৩০টি গ্রামের বাসিন্দারা এ বছরও শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ে শনিবার থেকে রোজা শুরু করেছেন।

মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবরে তারা ভোরে সেহরি খেয়ে প্রথম রোজায় অংশ নেন। একইভাবে, ঈদও তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এক দিন আগে পালন করবেন। স্থানীয় ভক্ত আব্দুল্লাহ আবু নোমান জানান, “আমার পূর্বপুরুষেরা এভাবেই রোজা পালন করতেন। আমরা বংশপরম্পরায় এই নিয়ম মেনে চলি। আজ আমাদের প্রথম রোজা, সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে এটি সম্পন্ন হবে।”

সুরেশ্বর দরবার শরীফের খাদেম মুনসুর আলী মৃধা বলেন, “শুক্রবার রাতে দরবার শরীফে তারাবির নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি রাত ৮টায় মাওলানা জুলহাস উদ্দিনের ইমামতিতে এবং দ্বিতীয়টি সোয়া ৮টায় হাফেজ আব্দুল কাদিরের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি, পৃথিবীতে চাঁদ একটি। তাই যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা রোজা ও ঈদ পালন শুরু করি।”

তিনি আরও জানান, জেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা প্রায় ৩০ হাজার মুসল্লি এই ঐতিহ্যের অংশ হিসেবে রমজান পালন করছেন। এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং দীর্ঘদিনের সাংস্কৃতিক ধারার প্রতিফলন।