চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে সাফল্যের দেখা না পেয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টে কোনো ম্যাচে জয় ছিনিয়ে আনতে না পারলেও বৃষ্টির কারণে একটি পয়েন্ট নিয়ে ঘরে ফিরল টাইগাররা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।
দেশে ফিরেই অবশ্য ক্রিকেটারদের জন্য বিশ্রামের ফুরসত নেই। শিগগিরই তারা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামবেন। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় বড় রান গড়তে ব্যর্থ হলেও বোলাররা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও একই চিত্র—ব্যাটারদের দুর্বলতায় ২৫০ রানের সংগ্রহও অধরা থেকে যায়।
দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে টাইগাররা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াইয়েও ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলাটি বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট পেয়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা এবারও দলের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।