পবিত্র রমজান মাসে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ শনিবার (১ মার্চ) থেকে ‘অলআউট অ্যাকশন’ শুরু করেছে। এ সময় কেউ ডিবির পরিচয়ে তল্লাশি বা গ্রেপ্তারের চেষ্টা করলে তাৎক্ষণিক ডিবি কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছে সংস্থাটি। শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম বলেন, “ডিবি পুলিশ জনগণের ভরসার প্রতীক হয়ে উঠেছে এবং অপরাধীদের কাছে আতঙ্কের কারণ। রমজানে নগরবাসীর নিরাপত্তা আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আশ্বাস দেন, এই সময়ে নাগরিকরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ইবাদত করতে পারবেন।
তিনি বলেন, “রমজানে লেনদেন, কেনাকাটা ও যাতায়াত বৃদ্ধি পায়। শপিংমল, ব্যাংক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাটে জনসমাগম বাড়ে। এসব স্থানে নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। দীর্ঘ পথের যাত্রায়, বিশেষ করে বাসে, দুর্ঘটনা এড়াতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আমরা সতর্কতা জোরদার করছি।”
রেজাউল করিম জানান, গোয়েন্দা তথ্যে দেখা গেছে, চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগই ১৫ থেকে ২০ বছর বয়সী, যাদের মধ্যে অনেকে কিশোর গ্যাংয়ের সদস্য। “কিছু অসাধু রাজনৈতিক শক্তি তাদের উসকানি দিয়ে অপরাধে প্ররোচিত করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছি,” বলেন তিনি।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী ও সেনাবাহিনী সারাদেশে সক্রিয় রয়েছে। “ডিবি গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছে, যা আগামীতে আরও বাড়বে। গুরুত্বপূর্ণ মামলার তদন্ত থেকে শুরু করে অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গোয়েন্দা নজরদারি শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। আগামী দিনগুলোতে আরও সুষ্ঠু পরিবেশ দেখতে পাবেন বলে আমরা আশাবাদী।” রমজানে নিরাপত্তা নিশ্চিতে ডিবির এই উদ্যোগ নগরবাসীর জন্য স্বস্তির বার্তা বহন করছে।