ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

রোববার (২ মার্চ) সকালে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সীমান্তের পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপ-পিলারের মধ্যবর্তী এলাকায় বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও খুঁটি বসায়। খবর পেয়ে শনিবার (১ মার্চ) সকালে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান। এ সময় নির্মাণকাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়, ফলে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে শনিবার বিকেলে ভারতের অরুণ ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী, আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিং। বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদল এই বৈঠকে উপস্থিত ছিলেন।

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, “এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।”

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বলেন, “বিএসএফ জানিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিএসএফ এ বিষয়ে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে।”