ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 আদালত থেকে ফেরার পথে যুবক অপহৃত, উদ্ধারে পুলিশ তৎপর

কুমিল্লায় আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সাব্বির হোসেন (১৯) নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২ মার্চ) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই দক্ষিণ বাজার এলাকায়।

সাব্বির কুমিল্লার লালমাই উপজেলার ধানোড়া গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী। তার বাবা জহিরুল ইসলাম জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের সুমন মিয়ার সঙ্গে তাদের একটি মামলা বিচারাধীন রয়েছে। রবিবার তিনি ও তার ছেলে সাব্বির আদালতে হাজিরা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন। দুপুর সোয়া একটার দিকে লালমাই দক্ষিণ বাজারে পৌঁছলে সুমনের নেতৃত্বে একদল লোক তাদের বাস থেকে নামিয়ে মারধর করে। এরপর তারা সাব্বিরকে একটি সিএনজি অটোরিকশায় তুলে লালমাই পাহাড়ের দিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। জহিরুল প্রশাসনের কাছে ছেলের জীবন রক্ষার আকুতি জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এটি সরাসরি অপহরণের ঘটনা নাও হতে পারে, কারণ দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে বিরোধ ও মামলা চলছে। তবে সাব্বিরের মা সাজেদা আক্তার রবিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে।