ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগ (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩ মার্চ) ভোরে গজারিয়া এলাকার মানবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক অপরটির ওপর উঠে গিয়ে চালককে চাপা দেয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। আধা ঘণ্টার প্রচেষ্টায় চালককে ট্রাকের নিচ থেকে বের করা হয় এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।