ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে সোমবার (৩ মার্চ) গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও তাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বাজারের একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রথমে গোবিন্দ শীলের সেলুন থেকে শুরু হয়ে মুহূর্তের মধ্যে সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ মোট ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় মসজিদের মাধ্যমে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সতর্ক করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পাওয়ার পর তার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে দোকানগুলোতে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীরা, এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।