রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যদিও তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাতিরঝিলের ওভারপাসে প্রবেশের মুখে একটি যানবাহনে আগুন ধরে যায়। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওভারপাসের ওপর একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে যায়, যার ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মহানগর ব্রিজের ওপর একটি প্রাইভেটকারে আগুন ধরে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ।