রাজধানীর পল্লবী এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বি (২১) গ্রেফতার হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)-এর হাতে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৪ বুধবার (৫ মার্চ) জানায়, রাজধানীতে কিশোর গ্যাংগুলো চাঁদাবাজি, ছিনতাই, নারী নির্যাতন, মাদক সেবন ও বিক্রির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এসব বিপথগামী তরুণদের আইনের আওতায় আনতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কানা রাব্বি গ্রেফতার হয়।
জিজ্ঞাসাবাদে রাব্বি জানায়, ‘ভইরা দে’ গ্রুপে ২০-২৫ জন সদস্য রয়েছে। তারা পল্লবীর কালশীসহ আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালায়। এ গ্যাংয়ের সদস্যরা মারামারি, চাঁদাবাজি ও নারীদের উত্ত্যক্ত করাসহ মাদকের সঙ্গে গভীরভাবে জড়িত।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। র্যাব-৪ জানিয়েছে, কিশোর গ্যাং দমনে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।