ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 ঢাকাসহ দেশে ভূমিকম্পের ঝাঁকুনি

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার (৫ মার্চ) সকাল ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়, ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। তিনি বলেন, “এটির উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে, এবং ঢাকায় এর প্রভাব অনুভূত হয়েছে।”

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মণিপুরের জাইরিপক থেকে ৪৫ কিলোমিটার পূর্বে এবং ইম্ফল থেকে ৫১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৬ মিনিটে এটি রেকর্ড করা হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।