ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচার অনিবার্য: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু শেখ হাসিনা নন, তার পরিবারের সদস্য থেকে শুরু করে সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।”

বুধবার (৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে স্কাই নিউজ জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্যাতন এবং গত বছরের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। ড. ইউনূস সম্প্রতি ‘আয়না ঘর’ পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, “এই গোপন কারাগারগুলো দেখলে এবং নির্যাতিতদের কথা শুনলে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা উপলব্ধি করা যায়। এগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে আমরা এগুলোকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা করছি, যাতে মানুষ ইতিহাস জানতে পারে।”

তিনি আরও বলেন, “অপরাধে জড়িতদের চিহ্নিত করতে সময় লাগছে, কারণ পুরো সরকারই এতে সম্পৃক্ত ছিল। কে স্বেচ্ছায়, কে আদেশে এবং কে অনিচ্ছায় এসব করেছে, তা বের করা কঠিন।” শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, “এটি ভারত ও আন্তর্জাতিক আইনের ওপর নির্ভর করছে। আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি, কিন্তু তারা এখনো সাড়া দেয়নি। তবে তিনি দেশে ফিরুন বা না ফিরুন, বিচার থেকে রেহাই নেই।”

গত আগস্টে ছাত্র-জনতার বিক্ষোভে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তার শাসনামলে গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।