মুন্সিগঞ্জে আদালতের নির্দেশে ১০০টি মামলা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এসব মাদক ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।
আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে ১০৯ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রমে ফেনসিডিল ও বিয়ার কুপিয়ে, ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম জানান, বিচারকের উপস্থিতিতে ১০০টি চলমান ও নিষ্পত্তি হওয়া মামলার আলামত নীতিমালা অনুসারে ধ্বংস করা হয়েছে। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।