জাতীয় পর্যায়ে অসামান্য ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২৫-এর জন্য সাত বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিতরা হলেন—মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, পপসংগীতের কিংবদন্তি আজম খান, প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, খ্যাতিমান ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ এবং শহিদ আবরার ফাহাদ।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বদরুদ্দীন উমর ছাড়া সবাই প্রয়াত, ফলে তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।
এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, শহিদ আবরার ফাহাদকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তখন তিনি ইঙ্গিত দিয়েছিলেন, পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও চমক থাকবে।