অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি দলটির নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আওয়ামী লীগের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। তারা নির্বাচনে অংশ নিতে চায় কি না, সেটা তাদেরই ঠিক করতে হবে। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, সে বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
এই সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়া যদি দ্রুত সম্পন্ন হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে ব্যাপক সংস্কারের প্রয়োজন হলে কয়েক মাস বাড়তি সময় লাগতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই সংস্কারগুলো অপরিহার্য।
গত বছর ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে আগস্টে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই নির্বাসনে রয়েছেন। তার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবিও উঠেছে। এই প্রেক্ষাপটে দলটি নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ড. ইউনূস সাক্ষাৎকারে তার অপ্রত্যাশিত দায়িত্ব গ্রহণের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “সরকার প্রধান হওয়ার কোনো ধারণা আমার ছিল না। এর আগে কখনো সরকারি দায়িত্বে ছিলাম না। কিন্তু পরিস্থিতির মধ্যে পড়ে কাজ শুরু করতে হয়েছে।” তিনি জানান, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতির স্থিতিশীলতা তার সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল।
গত গ্রীষ্মের সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উঠে এসেছি, যেখানে মানুষ গুলিতে প্রাণ হারিয়েছে।” তবে ঢাকার অনেকে মনে করেন, সাত মাস পার হলেও আইনশৃঙ্খলা পুরোপুরি ফিরে আসেনি। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “ভালো হওয়া একটি তুলনামূলক বিষয়। গত বছরের তুলনায় এখন পরিস্থিতি অনেকটাই ঠিক আছে। বর্তমান ঘটনাগুলো অতীতের থেকে আলাদা কিছু নয়।”
তিনি বর্তমান অবস্থার জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করে বলেন, “আমরা কোনো আদর্শ দেশে বাস করছি না। এই পরিস্থিতি বহু বছরের উত্তরাধিকার।” শেখ হাসিনার শাসনের শিকাররা তার প্রতি ক্ষুব্ধ। বিক্ষোভকারীরা তার বিচার দাবি করে রাস্তায় নেমেছেন, কিন্তু ভারত তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো নীরব।
আওয়ামী লীগের সদস্যরা দাবি করেছেন, দেশ তাদের জন্য নিরাপদ নয়। এ বিষয়ে ড. ইউনূস বলেন, “দেশে আদালত আছে, থানা আছে। তারা অভিযোগ করতে পারেন। বিবিসির কাছে না গিয়ে থানায় গিয়ে আইনি প্রক্রিয়া দেখতে পারেন।”