ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ধর্ষণের ঘটনায় উত্তেজনা: জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

মাগুরায় একটি মর্মান্তিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) অচেতন অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে মাগুরা সদর থানা ঘেরাও করেছে।

শুক্রবার জুমার নামাজের পর শহরের ভাযনা মোড় ও চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ জনতা দলবদ্ধ হয়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর ‘ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সড়কে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পরিস্থিতি শান্ত করতে সক্রিয় ছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ আটক করেছে। তিনি বলেন, “ভুক্তভোগী পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি, সম্ভবত শিশুটির চিকিৎসার কারণে। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তৎপরতা দেখিয়েছে। দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হলে দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। আমরা জনতাকে শান্ত থাকতে এবং বাড়ি ফিরে যেতে বলেছি। কিন্তু তারা থানা ঘেরাও করায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

জানা গেছে, গতকাল মাগুরা পৌর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে শিশুটির বড় বোনের শ্বশুর ও ভগ্নিপতি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটি এখনো অচেতন, এবং তার মা বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।