ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: হাতবোমা বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন, আহত ৪

রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করানোর বিষয় নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে, যার সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে একটি শিশু ও পুলিশ সদস্যসহ চারজন আহত হন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রয়েছেন নগরীর দড়িখড়বোনা এলাকার মহিলা দল নেত্রী লাভলী খাতুন, তার আড়াই বছরের শিশুকন্যা লামিয়া, পুলিশের সিটিএসবি সদস্য তোফাজ্জল হোসেন এবং রেলওয়ে কর্মচারী মো. রনি। জানা গেছে, পথচারী রনি ও পুলিশ সদস্য তোফাজ্জল ইটের আঘাতে আহত হন। এছাড়া লাভলীর বাড়িতে হামলার ঘটনায় তিনি ও তার শিশুকন্যা আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর লাভলী তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান।

সংঘর্ষের সময় দড়িখড়বোনা এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল দৈনিক আজকের পত্রিকার রাজশাহীর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের। তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং তার মোটরসাইকেলটি রাস্তার পাশে রাখা ছিল। সংঘর্ষকারী একটি পক্ষ সেটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহিলা দল নেত্রী লাভলী ও তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকার মুন রাবেয়া টাওয়ার নামে একটি ভবন ঘেরাও করেন। ওই ভবনে বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু পরিবারসহ থাকেন। আওয়ামী সরকারের পতনের পর মোস্তাক ও তার ভাই সাব্বির বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা হয়। লাভলী দাবি করেন, তারা মোস্তাককে ভবনে প্রবেশ করতে দেখেছেন। এরপর ভবনটি ঘিরে রাখা হলে যৌথ বাহিনী অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে অভিযানে মোস্তাককে না পাওয়া গেলেও তার ভাই সাব্বির বাবুকে গ্রেপ্তার করা হয়। ভবনের নিরাপত্তা প্রহরীর খাতায় মোস্তাকের নাম এবং সিসি ক্যামেরার ফুটেজে তাকে পরিবারসহ ভবনে প্রবেশ করতে দেখা গেলেও তার নাগাল পাওয়া যায়নি।

এ ঘটনার জেরে মোস্তাককে না পাওয়ার জন্য লাভলী সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেন। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় মারুফের অনুসারীরা দড়িখড়বোনায় লাভলীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রতিক্রিয়ায় লাভলীর সমর্থকরা দড়িখড়বোনা রেললাইনের পাশে মারুফের ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়, যা দড়িখড়বোনা, উপশহর মোড়, রেলগেট, সপুরা ও শালবাগান এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

রাত সাড়ে ১১টায় নগরীর মিয়াপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলন করে লাভলী অভিযোগ করেন, মোস্তাকের ভাই সাব্বিরকে গ্রেপ্তার করানোর জেরে বিএনপির লোকজনই তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, মারুফ তাকে পাঁচ লাখ টাকার প্রস্তাব দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে বলেছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন। এরপরই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, মারুফের ভাই পরিচয় দিয়ে সনি নামে এক ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, লাভলীর ভাই ও ছেলে তাঁতী লীগ ও যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন। তাদের ধরতে ছাত্রদলের সদস্যরা গিয়েছিল, যার জেরে সংঘর্ষ হয়। তিনি মোস্তাককে কেন্দ্র করে এমন কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।