ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ বাহিনীর নতুন হামলা: ২৫ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইউক্রেনজুড়ে রাশিয়ান বাহিনী নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার দোনেতস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনের বেশি, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। এ ছাড়া খারকিভ ও ওদেসাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার ফলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত হেনেছে।

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে প্রায় বের করে দেওয়া হয় এবং একটি বিরল খনিজ চুক্তি ভেস্তে যায়। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে রাশিয়ান বাহিনী ইউক্রেনে হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে জানা যায়।

সাম্প্রতিক এই হামলার পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “যখন কেউ বর্বরদের তুষ্ট করার চেষ্টা করে, তখন এমনটিই ঘটে। আরও বোমা, আরও আগ্রাসন, আরও ভুক্তভোগী।”

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। তারপর থেকে এই সংঘাত অব্যাহত রয়েছে, যা গত তিন বছরেরও বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে।