টাঙ্গাইল, ১০ মার্চ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় সোমবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা এক আরোহী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। তিনি আরও জানান, মোটরসাইকেলটি যমুনা সেতুর দিকে যাচ্ছিল, তবে কী ধরনের গাড়ির সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ দুর্ঘটনার কারণ ও দায়ী যানবাহন শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।