ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবী থানায় হামলা: ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত, চারজন আটক

রাজধানীর পল্লবী থানায় অতর্কিত হামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবককে সঙ্গীয় তিনজনসহ আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানার ডিউটি অফিসারের কক্ষে। আহতদের মধ্যে রয়েছেন ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির।

ওসি নজরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত প্রায় দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে দাবি করে, এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে এবং পুলিশ এ বিষয়ে অবগত কিনা। ওসি জানান, তিনি এমন কোনো ঘটনার কথা জানেন না। এ সময় যুবকটি পুলিশের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ তুলে বলে, ডিউটি অফিসার এ ঘটনা সম্পর্কে অবগত।

পরে ওই যুবককে ডিউটি অফিসারের কক্ষে নিয়ে গেলে তার পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় ফাহিম ক্ষিপ্ত হয়ে ওসি নজরুল ইসলামের ওপর হামলা চালায়। বাধা দিতে এগিয়ে আসা এএসআই নাসিরের একটি আঙুল ভেঙে দেয় সে। সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এগিয়ে এলে তার কপালে আঘাত করে ফাহিম, যার ফলে কপাল ফুলে ওঠে। পরে পুলিশ তাকে আটক করে।

ওসি আরও জানান, আটকের পর ফাহিম জানায়, বাইরে একটি গাড়িতে তার সঙ্গে আরও তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছিল। পরবর্তীতে তাদেরও থানায় আনা হয়। ফাহিমের বাড়ি গাজীপুরে, এবং তার আচরণে কিছুটা মানসিক ভারসাম্যহীনতার আভাস পাওয়া গেছে বলে জানান ওসি।

আহত এএসআই নাসিরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক্স-রে রিপোর্টে তার আঙুল ভাঙা নিশ্চিত হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।