ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটনায় দুই মাস বয়সী শিশু সায়ান চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এক অপরিচিত মহিলা কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে শিশুটির পরিবার শোকে ভেঙে পড়েছে এবং হাসপাতালের প্রধান ফটকের সামনে অবরোধ করে সন্তান ফিরে পাওয়ার দাবি জানিয়েছে।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতির শিশু সায়ান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত রবিবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এ সময় এক অপরিচিত মহিলার সঙ্গে পরিবারটির পরিচয় হয়। পরিবারের সদস্যরা জানান, ওই মহিলা সকাল থেকে তাদের সঙ্গে মিশে ছিলেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পূর্বে শিশুটির মা ও নানী বাথরুমে গেলে সুযোগ বুঝে ওই মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যান। ফিরে এসে শিশুকে না পেয়ে পরিবারটি খোঁজাখুঁজি শুরু করে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো বোরখা পরিহিত এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যরা ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ এই ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন জানান, “শিশু চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা উদ্ধার তৎপরতা শুরু করেছি। ফুটেজে বোরখা পরিহিত এক মহিলাকে শিশুটিকে নিয়ে যেতে দেখা গেছে। আমরা শিশুটিকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি।”
এদিকে, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, “পরিবারটির সরলতার সুযোগ নিয়ে ওই মহিলা কৌশলে শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আশা করি দ্রুতই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, এবং সবাই শিশু সায়ানের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।