অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে অপূরণীয় ক্ষতি হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় দেশের পরিস্থিতি বর্ণনা করে তিনি উল্লেখ করেন, “এটি ছিল সম্পূর্ণভাবে বিধ্বস্ত একটি দেশ, যেন আরেকটি গাজা। ভবনগুলো গাজার মতো ধ্বংস না হলেও, প্রতিষ্ঠান, নীতি, মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই ধ্বংসের মুখে পড়েছে।” যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে বাংলাদেশে ফিরে ড. ইউনূস এক হৃদয়বিদারক দৃশ্যের সম্মুখীন হন। রাস্তায় তখনো রক্তের দাগ শুকায়নি, পুলিশের গুলিতে নিহত এক হাজারের বেশি প্রতিবাদকারী ও শিশুর মরদেহ মর্গে স্তূপীকৃত ছিল। ছাত্রদের নেতৃত্বে সরকারবিরোধী তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হন, যার মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দেশ ত্যাগের পর জনতা তার বাসভবনে হামলা ও লুটপাট চালায়।
৮৪ বছর বয়সী নোবেলজয়ী অধ্যাপক ইউনূস দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সমালোচনা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাকে রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচনা করা হতো, যদিও তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তিনি দীর্ঘ সময় বিদেশে কাটিয়েছেন। তবে ছাত্র আন্দোলনকারীদের আহ্বানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণে সম্মত হন।
প্রতিবেদনে আরও উল্লেখ, হাসিনার শাসনকাল ছিল অত্যাচার, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। গত জুলাই-আগস্টে সরকারবিরোধী প্রতিবাদ দমনে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। জাতিসংঘ এই দমনপীড়নকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। তবে শেখ হাসিনা অতিরিক্ত বলপ্রয়োগের সব অভিযোগ অস্বীকার করেছেন।
দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে ড. ইউনূস বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। হাসিনার সময়কার গোপন বন্দীশালাগুলো খালি করা হয়েছে, মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে, এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধেও শতাধিক অভিযোগ উঠেছে, যদিও তিনি এসব অস্বীকার করছেন।
ড. ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে দেশ এখনো সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, দ্রুত নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে। বিএনপির সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই সরকার কেবল একটি সাময়িক ব্যবস্থা। এটি জনগণের প্রতি দায়বদ্ধ নয় এবং সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ম্যান্ডেটও এর নেই।”
ড. ইউনূস হাসিনার শাসনকে “ডাকাত পরিবারের” সঙ্গে তুলনা করে বলেন, “তখন কোনো সরকার ছিল না। সবকিছু একটি পরিবারের নির্দেশে চলত। বিরোধীদের অদৃশ্য করা, নির্বাচনে জয় নিশ্চিত করা, বা ব্যাংক থেকে ফেরত না দেওয়া ঋণ নেওয়া—সবই ছিল তাদের নিয়ন্ত্রণে।”
হাসিনার সময়ে দুর্নীতির মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে ব্যাংকিং ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ে এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার ঘনিষ্ঠজনরা আনুমানিক ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে বলে ধারণা করা হয়। বাংলাদেশ সরকার বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে এই অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে, তবে দ্রুত ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ।
ড. ইউনূস আরও জানান, হাসিনার সময়ে ব্যাংকগুলোকে জনগণের অর্থ লুটপাটের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, এবং এতে সরকারের সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি বলেন, “কর্মকর্তাদের বন্দুক হাতে পাঠানো হতো সবকিছু অনুমোদন করানোর জন্য।”
বর্তমানে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। ড. ইউনূস বলেন, “তাকে আশ্রয় দেওয়া সহনীয় হলেও, ভারত থেকে আমাদের প্রচেষ্টা ব্যর্থ করার প্রচারণা চালানোর সুযোগ দেওয়া বিপজ্জনক এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
এদিকে, ড. ইউনূস ইলন মাস্ককে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক বাংলাদেশে নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সূত্র জানায়, মাস্ক আগামী এপ্রিলে বাংলাদেশ সফর করতে পারেন। ড. ইউনূস আশাবাদী যে, মাস্কের সফরে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরা যাবে।