চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদায় মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
সফরকালে আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানে প্রায় এক কোটি রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন।
এছাড়া, জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, তরুণ প্রজন্ম এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশ নেন জাতিসংঘ মহাসচিব।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস এ সফরে এসেছিলেন। তিনি সর্বশেষ ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন।