ঢাকার বসুন্ধরা সিটি শপিংমলে এক নাটকীয় অভিযানে চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর সাজ্জাদকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর।
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রবাজিসহ একাধিক অপরাধের মামলা রয়েছে। গত ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পুলিশের অভিযানের সময় তিনি পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তার গুলিতে দুজন নিরীহ ব্যক্তি আহত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি চট্টগ্রামের আরেক কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত, যিনি দুই দশক আগে শাহ আমানত সেতুর সংযোগ সড়কে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা ও আটজনকে হত্যার মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। ছোট সাজ্জাদ তার পক্ষে ওইসব এলাকায় চাঁদাবাজি ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন বলে পুলিশের দাবি।
গত বছরের ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় তাহসিন নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায়ও ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়। তাহসিনের বাবার দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন ভবনে চাঁদার দাবিতে অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আত্মগোপনে থাকাকালীন গত ২৮ জানুয়ারি রাতে সাজ্জাদ ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে প্রকাশ্যে হুমকি দেন। এর দুদিন পর ৩০ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তার সন্ধানে তথ্য দিতে পারলে ‘উপযুক্ত পুরস্কার’ ঘোষণা করে।
দীর্ঘদিন ধরে পলাতক এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেপ্তারকে পুলিশ একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে। তাকে চট্টগ্রামে নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।